Exam preparationIndian Geography

রেগুর মাটি (Black Soil): বৈশিষ্ট্য, উৎপত্তি, বিস্তার ও ফসল | চাকরির পরীক্ষা

🎯 একনজরে পোস্টে যা আছে
✔ ১০+ গুরুত্বপূর্ণ MCQ
✔ গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্য
✔ পরীক্ষার সাজেশন
✔ দ্রুত রিভিশন
✔ রেগুর মাটি বা কৃষ্ণ মৃত্তিকা MCQ Quiz

👉 এখনই MCQ Quiz দিন

রেগুর মাটি (Regur Soil) ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মৃত্তিকা। এটি Black Soil বা Black Cotton Soil নামেও পরিচিত। সাধারণত গাঢ় কালো থেকে ধূসর বর্ণের এই মাটি কাদামাটির পরিমাণ বেশি হওয়ায় জল ধারণ করতে পারে এবং ভিজলে ফুলে ও আঠালো হয়, আবার শুকিয়ে গেলে সংকুচিত হয়ে গভীর ফাটল সৃষ্টি করে। এই বৈশিষ্ট্যের কারণে গ্রীষ্মকালে শুষ্ক মৌসুমে মাটির মধ্যে এক ধরনের প্রাকৃতিক “Self-ploughing” প্রক্রিয়া দেখা যায়।

ভারতে রেগুর মাটির বিস্তৃতি বিশেষত দাক্ষিণাত্য মালভূমির ব্যাসল্ট-উৎপন্ন অঞ্চলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও গুজরাটের বিস্তীর্ণ অঞ্চলে এর উপস্থিতি উল্লেখযোগ্য।

​ভারতের মৃত্তিকাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং বৈচিত্র্যময় হলো রেগুর (Regur) বা কৃষ্ণ মৃত্তিকা। তেলেগু শব্দ ‘রেগুদা’ (Reguda) থেকে এই রেগুর কথাটির উৎপত্তি। এই মাটিতে তুলো বা কার্পাস চাষ সবচেয়ে ভালো হয় বলে একে ‘কৃষ্ণ কার্পাস মৃত্তিকা’ বা ‘Black Cotton Soil’-ও বলা হয়। আন্তর্জাতিক মৃত্তিকা শ্রেণিবিভাগ অনুযায়ী এটি ‘ভার্টিসল’ (Vertisols) বর্গের অন্তর্গত। এই অধ্যায়ে আমরা রেগুর মাটির উৎপত্তি, বৈশিষ্ট্য, ভৌগোলিক বিস্তার, প্রধান ফসল, কৃষিতে গুরুত্ব এবং চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় আলোচনা করব।

Table of Contents

📌 এক নজরে রেগুর মাটি

বিষয় তথ্য
বাংলা নাম কৃষ্ণ মৃত্তিকা / কালো মাটি
প্রচলিত নাম Black Soil / Regur Soil
অন্য নাম Black Cotton Soil
প্রকৃতি সাধারণত কাদামাটিযুক্ত ও গভীর
প্রধান বৈশিষ্ট্য উচ্চ জলধারণ ক্ষমতা এবং স্ফীতি-সংকোচন
শুষ্ক অবস্থায় গভীর ফাটল সৃষ্টি করে
বিশেষ বৈশিষ্ট্য Self-ploughing Soil
প্রধান ফসল তুলা
গুরুত্বপূর্ণ অঞ্চল দাক্ষিণাত্য মালভূমির বিস্তীর্ণ অংশ
💡 পরীক্ষার জন্য মনে রাখুন: রেগুর মাটি = Black Soil = Black Cotton Soil

রেগুর মাটির সৃষ্টি সম্বন্ধে আমরা সকলেই প্রায় জানি এটি ​দাক্ষিণাত্য মালভূমি (Deccan Trap) অঞ্চলের লাভা গঠিত ব্যাসল্ট (Basalt) নামক আগ্নেয় শিলা দীর্ঘ কয়েক লক্ষ বছর ধরে রোদ, বৃষ্টি ও আবহবিকারের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে এই মাটির সৃষ্টি করেছে। এটি একটি আঞ্চলিক বা স্বকীয় মৃত্তিকা (Zonal Soil)।

​রেগুর মাটির কিছু নিজস্ব ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য রয়েছে, যা একে অন্যান্য মাটির থেকে আলাদা করে:

  • কালো রঙের কারণ: এই মাটিতে প্রচুর পরিমাণে টাইটানিফেরাস ম্যাগনেটাইট (Titaniferous Magnetite) এবং হিউমাস বা জৈব যৌগ মিশ্রিত থাকার কারণে এর রং গাঢ় কালো হয়।
  • জল ধারণ ক্ষমতা: এই মাটির জল ধারণ ক্ষমতা (Water retention capacity) অত্যধিক। কাদার ভাগ বেশি থাকায় সামান্য বৃষ্টিতেই এটি চটচটে হয়ে যায়।
  • স্বতঃকর্ষণ (Self-ploughing): এটি রেগুর মাটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য। গ্রীষ্মকালে প্রবল গরমে মাটি শুকিয়ে গেলে এর পৃষ্ঠদেশে গভীর ফাটলের সৃষ্টি হয়। এর ফলে মাটির ভেতরে সহজে অক্সিজেন বা বাতাস প্রবেশ করতে পারে। দূর থেকে দেখলে মনে হয় যেন কেউ জমিতে লাঙল চালিয়ে দিয়েছে।
  • রাসায়নিক উপাদান: এই মাটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কার্বোনেট, পটাশ এবং চুন (Lime) থাকে। তবে নাইট্রোজেন, ফসফরাস এবং জৈব পদার্থের (Organic matter) অভাব দেখা যায়।

ভারতের মৃত্তিকা সম্পর্কে বিস্তারিত পোস্ট দেখুন

​ভারতের প্রায় ৫.৪৬ লক্ষ বর্গ কিলোমিটার (মোট আয়তনের প্রায় ১৬.৬%) এলাকা জুড়ে রেগুর মাটি বিস্তৃত।

ভারতে রেগুর মাটি বা Black Soil-এর ভৌগোলিক বিস্তৃতির মানচিত্র
  • প্রধান রাজ্য: মহারাষ্ট্রে রেগুর মাটির বিস্তার সর্বাধিক।
  • অন্যান্য রাজ্য: এছাড়া গুজরাট, মধ্যপ্রদেশের পশ্চিমাংশ, কর্ণাটকের উত্তরাংশ, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর কিছু অংশে এই মাটি দেখা যায়। মূলত গোদাবরী ও কৃষ্ণা নদীর উপত্যকায় এর প্রাদুর্ভাব বেশি

তোমরা ছোটবেলা থেকে শুনে এসেছো রেগুর মাটির কথা। রেগুর মাটির কথা বললেই প্রথমেই তুলা চাষের কথা মনে পড়ে। রেগুর মাটিতে মাটিতে তুলো চাষ বেশি ভালো হয়। একটু ভেবে দেখো ব্রিটিশরা বিভিন্ন সুতোর কল গুলো কিন্তু মহারাষ্ট্র এবং গুজরাট সংলগ্ন এলাকাতেই সবচাইতে বেশি করেছিল। তার কারণটা এবার নিশ্চয়ই তোমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছ।

​রেগুর মাটির অপর নামই হলো ব্ল্যাক কটন সয়েল। কারণ এই মাটির জল ধারণ ক্ষমতা এবং খনিজ উপাদান কার্পাস বা তুলো চাষের জন্য আদর্শ। তুলো ছাড়াও এই মাটিতে ইক্ষু (আখ), গম, জোয়ার, বাজরা, তামাক, সূর্যমুখী এবং চিনাবাদামের প্রচুর ফলন হয়।

ভারতের কৃষিজ ফসল

​যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় (WBCS, SSC, PSC Miscellaneous, Police, TET) ভারতের মৃত্তিকা থেকে প্রশ্ন থাকেই। নিচে রেগুর মাটি থেকে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষার্থীদের সাধারণ ভুলগুলো আলোচনা করা হলো:

​১. প্রশ্ন: ভারতের কোন মাটিকে ‘Self-ploughing soil’ বলা হয়?

উত্তর: রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা।

২. প্রশ্ন: রেগুর মাটির কালো রঙের জন্য কোন খনিজ দায়ী?

উত্তর: টাইটানিফেরাস ম্যাগনেটাইট।

৩. প্রশ্ন: ভারতের কোন রাজ্যে রেগুর মাটির পরিমাণ সবচেয়ে বেশি?

উত্তর: মহারাষ্ট্র।

৪. প্রশ্ন: আন্তর্জাতিক মৃত্তিকা শ্রেণিবিভাগ অনুযায়ী রেগুর মাটি কোন বর্গের অন্তর্গত?

উত্তর: ভার্টিসল (Vertisols)।

​⚠️ পরীক্ষার্থীরা যে ভুলগুলো সবচেয়ে বেশি করে (Guidance to Avoid Silly Mistakes):

  • ভুল ১: রঙের কারণ নির্ণয়ে ভুল:
    • কী ভুল হয়: অনেক পরীক্ষার্থী মনে করেন আগ্নেয়গিরির ছাই বা শুধু ব্যাসল্ট শিলার কারণে মাটির রং কালো। অপশনে ‘লৌহ’ বা ‘হিউমাস’ থাকলে অনেকে সেটাই টিক করে আসেন।
    • সঠিক গাইডেন্স: অপশনে যদি ‘টাইটানিফেরাস ম্যাগনেটাইট’ থাকে, তবে সেটিই হবে ১০০% সঠিক উত্তর।
  • ভুল ২: পুষ্টিগুণের ধারণা:
    • কী ভুল হয়: রেগুর মাটি খুব উর্বর হওয়ায় অনেকে ভাবেন এতে সব ধরনের খনিজ ভরপুর। পরীক্ষায় প্রশ্ন আসে রেগুর মাটিতে কোন উপাদানের ঘাটতি থাকে? পরীক্ষার্থীরা ভুল করে ‘পটাশ’ বা ‘ক্যালসিয়াম’ দাগিয়ে দেন।
    • সঠিক গাইডেন্স: মনে রাখবেন, ভারতের প্রায় সব মাটিতেই নাইট্রোজেন (N), ফসফরাস (P) এবং জৈব পদার্থের (হিউমাস) অভাব রয়েছে। রেগুর মাটিও এর ব্যতিক্রম নয়।
  • ভুল ৩: সর্বাধিক বিস্তারের রাজ্য নিয়ে বিভ্রান্তি:
    • কী ভুল হয়: ‘তুলো উৎপাদনে’ গুজরাট অনেক সময় প্রথম স্থানে থাকে (বছরের ডেটা অনুযায়ী পরিবর্তনশীল)। তাই অনেক পরীক্ষার্থী ভাবেন রেগুর মাটিও বুঝি গুজরাটেই সবচেয়ে বেশি।
    • সঠিক গাইডেন্স: তুলো উৎপাদন আর মাটির বিস্তার এক নয়। রেগুর মাটির সর্বাধিক বিস্তার সবর্দাই মহারাষ্ট্রে
  • ভুল ৪: রেগুর বনাম খাদার/ভাঙ্গর:
    • কী ভুল হয়: উত্তেজনার বশে পলি মাটির আঞ্চলিক নাম (খাদার, ভাঙ্গর)-এর সাথে রেগুরকে গুলিয়ে ফেলা।
    • সঠিক গাইডেন্স: রেগুর সম্পূর্ণ আলাদা আগ্নেয় শিলা থেকে সৃষ্ট মাটি। এটি পলি মাটি নয়।

📝 রেগুর বা কৃষ্ণ মাটি MCQ Quiz Mock Test

প্রস্তুতি যাচাই করতে নিচের mock test দিন।

রেগুর মাটি (Black Soil ) Mock Test

১০টি গুরুত্বপূর্ণ প্রশ্নে নিজের প্রস্তুতি পরীক্ষা করুন

​উপসংহার

আজকের এই পোস্টটি থেকে আমরা রেগুর মৃত্তিকা সম্বন্ধে বিস্তারিত তথ্য জানলাম। রেগুর মাটি বা কৃষ্ণ মৃত্তিকা থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই কিছু না কিছু প্রশ্ন দিয়েই থাকে। এ পোস্টটি মনোযোগ সহকারে পড়লে রেগুর মৃত্তিকা সম্বন্ধীয় যে কোনো প্রশ্ন চাকরি পরীক্ষায় এলে তার সহজে উত্তর দিতে পারবে। এছাড়া পরীক্ষার্থীদের যে ভুলগুলো সবচেয়ে বেশি হয় তার একটি গাইডেন্স দেওয়া রয়েছে। পোস্টটি পড়ে তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানাও এবং এর পরবর্তী কোন বিষয়ে এমন বিস্তারিত তথ্যসমৃদ্ধ পোস্ট দিলে তোমাদের ভালো হবে সেটাও কমেন্টে লিখে জানাও। ভালো থেকো অসংখ্য ধন্যবাদ WebBhugol.com সদা সর্বদা তোমাদের পাশে রয়েছে।

ভারতের মৃত্তিকার শ্রেণিবিভাগ

সাধারণ জিজ্ঞাসা (FAQ):

প্র: রেগুর মাটির অপর নাম কী?

উ: রেগুর মাটির অপর নাম হলো কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল। এই মাটিতে তুলো চাষ ভালো হয় বলে একে 'কৃষ্ণ কার্পাস মৃত্তিকা'-ও বলা হয়।

প্র: রেগুর মাটির রং কালো হয় কেন?

উ: রেগুর মাটিতে প্রচুর পরিমাণে টাইটানিফেরাস ম্যাগনেটাইট নামক খনিজ এবং জৈব পদার্থ (হিউমাস) মিশ্রিত থাকার কারণে এর রং গাঢ় কালো হয়।

প্র: ভারতের কোন রাজ্যে রেগুর মাটি সবচেয়ে বেশি দেখা যায়?

উ: ভারতের মহারাষ্ট্র রাজ্যে রেগুর বা কৃষ্ণ মাটির বিস্তার সর্বাধিক। এছাড়া গুজরাট এবং মধ্যপ্রদেশেও এই মাটি প্রচুর পরিমাণে দেখা যায়।

প্র: কোন মাটিকে স্বতঃকর্ষিত মাটি (Self-ploughing soil) বলা হয়?

উ: রেগুর মাটিকে। গ্রীষ্মকালে শুকিয়ে গেলে এই মাটিতে বড় বড় ফাটল তৈরি হয়, যা দেখে মনে হয় জমি লাঙল দিয়ে চষা হয়েছে।

কোন মাটিকে Black Cotton Soil বলে?

উ: রেগুর মাটি বা কৃষ্ণ মৃত্তিকা

Please Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!