CLASS IX

দুর্যোগ ও বিপর্যয় নবম শ্রেণি ভূগোল প্রশ্ন উত্তর (MCQ + SAQ) – পরীক্ষায় কমন | WebBhugol

🎯 একনজরে পোস্টে যা আছে
✔ ১৫+ গুরুত্বপূর্ণ MCQ
✔ গুরুত্বপূর্ণ SAQ
✔ ২, ৩ ও ৫ নম্বর প্রশ্ন
✔ পরীক্ষার সাজেশন
✔ দ্রুত রিভিশন
✔ দুর্যোগ ও বিপর্যয় MCQ Quiz

👉 এখনই MCQ Quiz দিন

Table of Contents

দুর্যোগ ও বিপর্যয় MCQ প্রশ্ন উত্তর | Class 9 Geography

নবম শ্রেণির ভূগোলের “দুর্যোগ ও বিপর্যয়” অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। পরীক্ষার প্রস্তুতি, কুইজ প্র্যাকটিস এবং দ্রুত রিভিশনের জন্য এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।


১. ইংরেজি ‘Hazard’ শব্দটির উৎপত্তি ফরাসি ও আরবি কোন শব্দ থেকে?

  • (ক) Az-zahr
  • (খ) Desastre
  • (গ) Tsu
  • (ঘ) Nami

উত্তর: (ক) Az-zahr

Hazard মানে হলো দুর্যোগ বা অপ্রত্যাশিত ঘটনা। আরবি ‘Az-zahr’ শব্দের অর্থ ভাগ্য বা দৈব ঘটনা।


২. বিপর্যয়ের ক্ষয়ক্ষতির মাত্রা সাধারণত কত ধরা হয়?

  • (ক) ১০ জনের বেশি মৃত্যু
  • (খ) ১০০ জনের বেশি মৃত্যু
  • (গ) ৫০ জনের বেশি মৃত্যু
  • (ঘ) ৫০০ জনের বেশি মৃত্যু

উত্তর: (খ) ১০০ জনের বেশি মৃত্যু

১০০ জনের বেশি মৃত্যু বা ব্যাপক আর্থিক ক্ষতি হলে তাকে বিপর্যয় বলা হয়।


৩. ‘সুনামি’ (Tsunami) শব্দটি কোন ভাষার শব্দ?

  • (ক) ফরাসি
  • (খ) আরবি
  • (গ) চিনা
  • (ঘ) জাপানি

উত্তর: (ঘ) জাপানি

জাপানি ভাষায় ‘Tsu’ মানে বন্দর এবং ‘Nami’ মানে ঢেউ।


৪. সুনামি সৃষ্টির মূল কারণ সমুদ্র তলদেশে—

  • (ক) অগ্ন্যুৎপাত
  • (খ) ভূমিকম্প
  • (গ) আণবিক বোমা বিস্ফোরণ
  • (ঘ) মহাজাগতিক ধূমকেতু পতন

উত্তর: (খ) ভূমিকম্প

সমুদ্র তলদেশে শক্তিশালী ভূমিকম্পের ফলেই মূলত সুনামির সৃষ্টি হয়।


৫. জলাধারের জল ছাড়ার ফলে সৃষ্ট বন্যাকে কী ধরনের বিপর্যয় বলা যায়?

  • (ক) প্রাকৃতিক
  • (খ) আধা-প্রাকৃতিক
  • (গ) মানবীয়
  • (ঘ) অপার্থিব

উত্তর: (খ) আধা-প্রাকৃতিক

প্রাকৃতিক ও মানবীয় কারণের মিলিত প্রভাবে এই ধরনের বিপর্যয় ঘটে।


৬. ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন ধরনের বিপর্যয়ের উদাহরণ?

  • (ক) ভৌত
  • (খ) জৈব
  • (গ) রাসায়নিক
  • (ঘ) প্রাকৃতিক

উত্তর: (গ) রাসায়নিক

ভোপাল গ্যাস দুর্ঘটনা একটি ভয়াবহ রাসায়নিক বিপর্যয়।


৭. উল্কাপাত কী ধরনের বিপর্যয়?

  • (ক) ভূপৃষ্ঠীয়
  • (খ) বায়ুমণ্ডলীয়
  • (গ) অপার্থিব
  • (ঘ) মানবীয়

উত্তর: (গ) অপার্থিব

মহাজাগতিক বস্তু পৃথিবীতে পতিত হলে তাকে অপার্থিব বিপর্যয় বলা হয়।


৮. নীচের কোনটি একটি ক্রমপুঞ্জিত বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ?

  • (ক) খরা
  • (খ) ঘূর্ণিঝড়
  • (গ) বজ্রঝড়
  • (ঘ) শিলাবৃষ্টি

উত্তর: (ক) খরা

দীর্ঘদিন বৃষ্টিপাতের অভাবে ধীরে ধীরে খরা পরিস্থিতির সৃষ্টি হয়।


৯. খরা পরিস্থিতি সৃষ্টির জন্য বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কত শতাংশ কম হতে হয়?

  • (ক) ২৫%
  • (খ) ৫০%
  • (গ) ৭৫%
  • (ঘ) ১০০%

উত্তর: (গ) ৭৫%

স্বাভাবিকের তুলনায় প্রায় ৭৫% কম বৃষ্টিপাত হলে খরা পরিস্থিতি তৈরি হয়।


১০. পশ্চিমবঙ্গের কোন জেলায় ভূমিধস বেশি দেখা যায়?

  • (ক) পুরুলিয়া
  • (খ) দার্জিলিং
  • (গ) মালদহ
  • (ঘ) বাঁকুড়া

উত্তর: (খ) দার্জিলিং

দার্জিলিং পার্বত্য অঞ্চল হওয়ায় সেখানে ভূমিধস বেশি দেখা যায়।


১১. ২০০৯ সালে দক্ষিণবঙ্গে আঘাত হানা ঘূর্ণিঝড়টির নাম কী?

  • (ক) ফাইলিন
  • (খ) হুদহুদ
  • (গ) আয়লা
  • (ঘ) আমফান

উত্তর: (গ) আয়লা

আয়লা ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল।


১২. ‘PMR’ মডেলটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত?

  • (ক) ভূমিকম্পের তীব্রতা মাপা
  • (খ) বিপর্যয় ব্যবস্থাপনা
  • (গ) আবহাওয়ার পূর্বাভাস
  • (ঘ) খরা নির্ণয়

উত্তর: (খ) বিপর্যয় ব্যবস্থাপনা

PMR = Preparedness, Mitigation এবং Recovery।


১৩. ভারতের মোট জমির কত শতাংশ বন্যাপ্রবণ?

  • (ক) ৫%
  • (খ) ১১%
  • (গ) ২৫%
  • (ঘ) ৫০%

উত্তর: (খ) ১১%

ভারতের মোট আয়তনের প্রায় ১১–১২% অঞ্চল বন্যাপ্রবণ।


১৪. ভূমিকম্পে সর্বাধিক ক্ষয়ক্ষতি হয় কোন তরঙ্গের দ্বারা?

  • (ক) P তরঙ্গ
  • (খ) S তরঙ্গ
  • (গ) L তরঙ্গ
  • (ঘ) M তরঙ্গ

উত্তর: (গ) L তরঙ্গ

L তরঙ্গ সবচেয়ে বেশি ধ্বংস সাধন করে।


১৫. ‘ভূমিকম্পের দেশ’ বলা হয় কোন দেশকে?

  • (ক) চিন
  • (খ) ভারত
  • (গ) জাপান
  • (ঘ) চিলি

উত্তর: (গ) জাপান

জাপান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ দেশ।


🎯পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক

  • সুনামি
  • খরা
  • বন্যা
  • ঘূর্ণিঝড়
  • ভূমিকম্প
  • বিপর্যয় ব্যবস্থাপনা
  • PMR মডেল

দুর্যোগ ও বিপর্যয় সম্পূর্ণ নোট পড়ুন 👈

দুর্যোগ ( Hazards ) ও বিপর্যয় ( Disaster) অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (VSAQ – ১ নম্বর)

(একটি বাক্যে উত্তর দাও)

​১. ‘Disaster’ শব্দের আক্ষরিক অর্থ কী?

উত্তর: ফরাসি শব্দ Des (মন্দ) এবং Astre (তারা) থেকে Disaster শব্দটি এসেছে, যার অর্থ ‘মন্দ তারা’ বা শয়তানের তারা।

​২. ধোঁয়াশা কী?

উত্তর: শিল্পাঞ্চলে কুয়াশার সাথে কয়লার ধোঁয়া মিশে যে অস্বচ্ছ ও দূষিত আবরণ তৈরি হয়, তাকে ধোঁয়াশা বলে।

​৩. পশ্চিমবঙ্গের একটি খরাপ্রবণ জেলার নাম লেখো।

উত্তর: পুরুলিয়া (বা বাঁকুড়া/বীরভূম)।

​৪. হিমানী সম্প্রপাত কোথায় ঘটে?

উত্তর: খাড়া পার্বত্য ঢালে বরফে ঢাকা হিমবাহ অধ্যুষিত অঞ্চলে (যেমন- পশ্চিম হিমালয়) হিমানী সম্প্রপাত ঘটে।

​৫. মেঘভাঙা বৃষ্টি (Cloud Burst) কী?

উত্তর: অল্প সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট এলাকায় হঠাৎ করে প্রবল ও অতিভারী বৃষ্টিপাত হওয়াকে মেঘভাঙা বৃষ্টি বলে।

​৬. পশ্চিমবঙ্গে নদীপাড় ভাঙন সবচেয়ে বেশি কোথায় দেখা যায়?

উত্তর: গঙ্গা নদীর তীরবর্তী মুর্শিদাবাদ ও মালদহ জেলায় নদীপাড় ভাঙন মারাত্মক আকার ধারণ করে।

​৭. পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী সুনামি কবে হয়েছিল?

উত্তর: ২০০৪ সালে ভারত মহাসাগরীয় সুনামি ছিল সবচেয়ে বিধ্বংসী।

​৮. দাবানল কী?

উত্তর: প্রাকৃতিক বা মানবীয় কারণে বিস্তীর্ণ বনভূমির গাছপালায় আগুন লেগে যাওয়াকে দাবানল বলে।

​৯. পশ্চিমবঙ্গে কবে আয়লা ঘূর্ণিঝড় হয়েছিল?

উত্তর: ২০০৯ সালের ২৫ মে।

​১০. ঝুঁকি (Risk) বলতে কী বোঝো?

উত্তর: ঝুঁকি হলো এমন একটি অবস্থা যা সর্বদাই ধ্বংসাত্মক প্রভাব ফেলে বা সম্ভাব্য ক্ষয়-ক্ষতির মাত্রাকে নির্দেশ করে।

📝 দুর্যোগ ও বিপর্যয় MCQ Quiz Mock Test

নবম শ্রেণির ভূগোল ষষ্ঠ অধ্যায়ের প্রস্তুতি যাচাই করতে নিচের mock test দিন।

Class 9 Chapter 6 ( দুর্যোগ ও বিপর্যয় )Geography Mock Test

১০টি গুরুত্বপূর্ণ প্রশ্নে নিজের প্রস্তুতি পরীক্ষা করুন

(এই প্রশ্নগুলো তোমাদের একটু গুছিয়ে লিখতে হবে। আমি পয়েন্ট করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়।)

১. দুর্যোগ (Hazard) কাকে বলে?

উত্তর: প্রকৃতি বা মানুষের তৈরি যেসব পরিবেশগত চূড়ান্ত ঘটনা মানুষের জীবন, সম্পত্তি এবং পরিবেশের ক্ষতি করার মতো এক ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে, তাদের দুর্যোগ বলে। দুর্যোগ হলো বিপদের উৎস, যা থেকে পরে বিপর্যয় ঘটতে পারে।

২. বিপর্যয় (Disaster) কাকে বলে?

উত্তর: প্রাকৃতিক বা মানবীয় কারণে সৃষ্ট যেসব পরিবেশগত আকস্মিক ঘটনা খুব অল্প সময়ের মধ্যে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এবং মানুষ, উদ্ভিদ ও জীবজন্তুর ব্যাপক প্রাণহানি ও সম্পত্তির ক্ষতিসাধন করে, তাকে বিপর্যয় বলে। এটি দুর্যোগের চূড়ান্ত পরিণতি।

৩. প্রাকৃতিক দুর্যোগ কী? উদাহরণ দাও।

উত্তর: যেসব দুর্যোগ সৃষ্টির পেছনে মানুষের কোনো হাত থাকে না, অর্থাৎ সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে ও কারণে সৃষ্টি হয়, তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে। যেমন: প্রবল ঘূর্ণিঝড়, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ইত্যাদি।

৪. আধা-প্রাকৃতিক বিপর্যয় কী?

উত্তর: যে বিপর্যয়ের পেছনে প্রকৃতি এবং মানুষ উভয়েরই ভূমিকা থাকে, তাকে আধা-প্রাকৃতিক বিপর্যয় বলে। অর্থাৎ, প্রাকৃতিক কারণে একটি ঝুঁকির পরিস্থিতি তৈরি হয় এবং মানুষের কাজের প্রভাবে তা বিপর্যয়ে রূপ নেয়। যেমন: অতিরিক্ত বৃষ্টির (প্রাকৃতিক) ফলে জলাধারের ছাড়া জলে (মানবীয়) বন্যা সৃষ্টি হওয়া।

৫. হরপা বান (Flash Flood) কী?

উত্তর: পাহাড়ি অঞ্চলে মেঘভাঙা বৃষ্টি (Cloud Burst) হলে অতিরিক্ত বৃষ্টির জল ঢাল বেয়ে অতি দ্রুতগতিতে ও বিশাল মাত্রায় নিচে নেমে আসে। এই আকস্মিক ও তীব্র জলপ্রবাহকেই হরপা বান বলে। এর ফলে নিমেষের মধ্যে পাহাড়ি নদীগুলো ফুলে-ফেঁপে উঠে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।

৬. মানবীয় বিপর্যয় বলতে কী বোঝো?

উত্তর: প্রকৃতির কোনো ভূমিকা ছাড়াই শুধুমাত্র মানুষের ভুল, অবহেলা বা ক্ষতিকর কার্যাবলির ফলে যে বিপর্যয় সংঘটিত হয়, তাকে মানবীয় বা মনুষ্যসৃষ্ট বিপর্যয় বলে। যেমন: পারমাণবিক বিস্ফোরণ, ভোপাল গ্যাস দুর্ঘটনা বা রাসায়নিক নিঃসরণ।

৭. খরা (Drought) কাকে বলে?

উত্তর: সাধারণভাবে দীর্ঘদিন ধরে বৃষ্টিপাতের অভাবের কারণে সৃষ্ট তীব্র শুষ্ক অবস্থা ও পানীয় জলের সংকটকে খরা বলে। ভারতের সেচ কমিশনের মতে, কোনো অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত ১০০ সেমির কম হলে এবং মোট কৃষিজমির ২০%-এর কম অংশে সেচের সুযোগ থাকলে তাকে খরা বলা হয়।

৮. সুনামি (Tsunami) বলতে কী বোঝো?

উত্তর: সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প (রিখটার স্কেলে ৮-এর বেশি), অগ্ন্যুৎপাত বা পাত সঞ্চালনের ফলে যে দৈত্যাকার ও সুউচ্চ সমুদ্রতরঙ্গের সৃষ্টি হয় এবং তা উপকূলভাগে আছড়ে পড়ে ব্যাপক জলোচ্ছ্বাস ঘটায়, তাকে সুনামি বলে। এটি একটি জাপানি শব্দ।

৯. হিমানী সম্প্রপাত (Avalanches) কী?

উত্তর: উঁচু ও খাড়া পার্বত্য ঢালে মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন বিপুল পরিমাণ বরফের স্তূপ বা হিমরাশি পাথরকুচির সাথে জলপ্রপাতের মতো প্রবল বেগে নিচে আছড়ে পড়ে, তখন তাকে হিমানী সম্প্রপাত বলে। এটি প্রধানত শীত ও বসন্তকালে দেখা যায়।

১০. পুঞ্জীভূত বায়ুমণ্ডলীয় বিপর্যয় কাকে বলে?

উত্তর: বায়ুমণ্ডলের জলবায়ু সংক্রান্ত উপাদানগুলির (উষ্ণতা, বৃষ্টিপাত) দীর্ঘকালীন ও ক্রমপুঞ্জিত পরিবর্তনের ফলে যে বিপর্যয় ধীরে ধীরে গড়ে ওঠে, তাকে পুঞ্জীভূত বিপর্যয় বলে। বন্যা এবং খরা হলো এর প্রধান উদাহরণ।

১. মনুষ্যসৃষ্ট বা মানবীয় বিপর্যয়ের কারণগুলি আলোচনা করো।

উত্তর: মানুষের বিভিন্ন অবিবেচক কার্যাবলির ফলেই মানবীয় বিপর্যয় ঘটে থাকে। এর প্রধান কারণগুলি হলো:

  • অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন: নিজেদের প্রয়োজনে মানুষ যথেচ্ছভাবে জঙ্গল কেটে ফেলছে। এর ফলে বিশ্ব উষ্ণায়ন, খরা, ভূমিক্ষয় এবং ভূমিধসের মতো বিপর্যয় বাড়ছে।
  • অবৈজ্ঞানিক নির্মাণকাজ: পার্বত্য ঢালে বা নদীর গতিপথে অপরিকল্পিতভাবে বড়ো বড়ো বাঁধ, রেললাইন বা বাড়িঘর নির্মাণের ফলে নদীর স্বাভাবিক গতি রুদ্ধ হচ্ছে এবং ধস ও বন্যার প্রবণতা বাড়ছে।
  • রাসায়নিক ও পারমাণবিক পরীক্ষা: শিল্পকারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাস বা বর্জ্য পদার্থ, এবং ভূগর্ভে পারমাণবিক পরীক্ষা-নিরীক্ষা পরিবেশের ব্যাপক ক্ষতি করছে। চেরনোবিল বা ভোপাল গ্যাস দুর্ঘটনা এর জ্বলন্ত প্রমাণ।
  • ত্রুটিপূর্ণ ভূমির ব্যবহার: অবৈজ্ঞানিক চাষাবাদ এবং অতিরিক্ত ভৌমজল উত্তোলনের ফলে খরার সৃষ্টি হচ্ছে।

২. পশ্চিমবঙ্গের প্রধান বিপর্যয়প্রবণ এলাকাগুলি কী কী?

উত্তর: ভৌগোলিক বৈচিত্র্যের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত নানা ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়:

  • বন্যাপ্রবণ এলাকা: উত্তরবঙ্গের তিস্তা, তোর্সা অববাহিকা এবং দক্ষিণবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, হুগলি, মেদিনীপুর ও বর্ধমান জেলা প্রায় প্রতি বছরই বন্যায় প্লাবিত হয়।
  • ভূমিধস প্রবণ এলাকা: উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলার খাড়া পার্বত্য ঢাল ভূমিধস প্রবণ অঞ্চল।
  • নদী ও উপকূল ভাঙন: মালদহ ও মুর্শিদাবাদে গঙ্গা নদীর তীরবর্তী এলাকা এবং পূর্ব মেদিনীপুরের দীঘা, শংকরপুর ও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলে মারাত্মক ভাঙন দেখা যায়।
  • খরাপ্রবণ এলাকা: পশ্চিমের মালভূমি অঞ্চল, বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম মেদিনীপুর খরাপ্রবণ।

৩. হিমালয় পার্বত্য অঞ্চলে (বা উত্তরবঙ্গে) ভূমিকম্প বেশি হয় কেন?

উত্তর: পশ্চিমবঙ্গের উত্তরাংশে দার্জিলিং ও হিমালয় পার্বত্য অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ। এর কারণগুলি হলো:

  • পাত সঞ্চালন: এই অঞ্চলটি ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের সংযোগস্থলে (অভিসারী পাত সীমানা) অবস্থিত। পাত দুটির ক্রমাগত সংঘর্ষের ফলে প্রবল ভূকম্পন সৃষ্টি হয়।
  • নবীন ভঙ্গিল পর্বত: হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত এবং এর গঠনকাজ এখনও চলছে। ফলে এই ভূভাগটি অত্যন্ত অস্থিতিশীল।
  • মানবীয় হস্তক্ষেপ: পাহাড়ি ঢালে অপরিকল্পিতভাবে রাস্তা, বাঁধ, সুড়ঙ্গ তৈরি করা এবং খনিজ উত্তোলনের জন্য ডিনামাইট বিস্ফোরণ ঘটানোর ফলেও এই অঞ্চলে ঘন ঘন কৃত্রিম ভূমিকম্প ও ধস দেখা যায়।

দুর্যোগ ও বিপর্যয় থেকে রচনাধর্মী বা ব্যাখ্যামূলক প্রশ্ন (৫ নম্বর)

১. দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর: দুর্যোগ (Hazard) এবং বিপর্যয়ের (Disaster) মধ্যে প্রধান পার্থক্যগুলি নিচে আলোচনা করা হলো:

বিষয় দুর্যোগ (Hazard) বিপর্যয় (Disaster)
১. ধারণা প্রাকৃতিক বা মানবীয় কারণে পরিবেশের গুণগত মানের পরিবর্তন ও ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি হওয়াকে দুর্যোগ বলে। দুর্যোগ যখন প্রকৃতপক্ষে মানুষের জীবন ও সম্পত্তির ব্যাপক ক্ষতিসাধন করে, তখন তাকে বিপর্যয় বলে।
২. বিস্তার এটি অপেক্ষাকৃত ক্ষুদ্র বা একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। এটি একটি বিস্তীর্ণ বা ব্যাপক অঞ্চল জুড়ে সংঘটিত হয়।
৩. সম্পর্ক দুর্যোগ হলো বিপর্যয়ের প্রাথমিক পর্যায় বা কারণ। দুর্যোগের পরেই বিপর্যয় আসে। বিপর্যয় হলো দুর্যোগের চূড়ান্ত পরিণতি বা প্রভাব।
৪. জীবনহানি দুর্যোগে মানুষের প্রাণহানি হতেও পারে, আবার নাও পারে। বিপর্যয়ে বাছবিচারহীনভাবে ব্যাপক প্রাণহানি ঘটে (সাধারণত ১০০ জনের বেশি)।
৫. আর্থিক ক্ষতি এতে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। এতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়, যা দ্রুত পূরণ করা প্রায় অসম্ভব।
৬. নিয়ন্ত্রণ সঠিক সময়ে সতর্ক হলে দুর্যোগ অনেকক্ষেত্রেই নিয়ন্ত্রণ করা সম্ভব। বিপর্যয় আকস্মিকভাবে ঘটে বলে একে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

২. বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলির বর্ণনা দাও।

উত্তর: প্রাকৃতিক বিপর্যয় পুরোপুরি বন্ধ করা মানুষের হাতে নেই, কিন্তু সঠিক প্রস্তুতির মাধ্যমে এর ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। একেই বিপর্যয় ব্যবস্থাপনা বা Disaster Management বলে। এর তিনটি প্রধান পর্যায় (PMR) রয়েছে:

  • ক) বিপর্যয় পূর্ব পর্যায় (Preparedness): বিপর্যয় আসার আগে যে প্রস্তুতি নেওয়া হয়। এর মধ্যে পড়ে: ১. ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ম্যাপ তৈরি করা। ২. আবহাওয়া দপ্তর ও বিভিন্ন গণমাধ্যমের সাহায্যে সাধারণ মানুষের কাছে আগাম সতর্কবার্তা (Warning) পৌঁছে দেওয়া। ৩. নিরাপদ আশ্রয়স্থল তৈরি রাখা এবং ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে বিপর্যয় মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়া।
  • খ) বিপর্যয়কালীন পর্যায় (Mitigation): বিপর্যয় চলার সময়কার পদক্ষেপ। এর মধ্যে পড়ে: ১. দ্রুত উদ্ধারকারী দল পাঠিয়ে বিপদাপন্ন মানুষদের নিরাপদ স্থানে বা ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া। ২. আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা। ৩. আতঙ্কিত না হয়ে সংঘবদ্ধভাবে মোকাবিলা করা।
  • গ) বিপর্যয় উত্তর পর্যায় (Recovery): বিপর্যয় থেমে যাওয়ার পরের কাজ। এর মধ্যে পড়ে: ১. দুর্গতদের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাদ্য, পানীয় জল, ওষুধ ও জামাকাপড় বিতরণ করা। ২. ভেঙে পড়া রাস্তাঘাট, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা দ্রুত মেরামত করা। ৩. ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ দেওয়া এবং ভেঙে পড়া বাড়িঘর পুনর্গঠনে সাহায্য করা।

৩. বিপর্যয় মোকাবিলায় পশ্চিমবঙ্গের গৃহীত বিভিন্ন কৌশলগুলি সংক্ষেপে লেখো।

উত্তর: প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড় বা ধসের মতো বিপর্যয়ের কারণে পশ্চিমবঙ্গে বিপুল ক্ষতি হয়। এই ক্ষতি কমানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশল ও পদক্ষেপ গ্রহণ করেছে:

  • নীতি নির্ধারণ: রাজ্য সরকার দুর্যোগ ও বিপর্যয়ের প্রকৃতি এবং ঝুঁকি অনুধাবন করার জন্য 'পশ্চিমবঙ্গ রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা নীতি' (WBSDMP) রূপায়ণ করেছে।
  • সংস্থা গঠন: স্বয়ং মুখ্যমন্ত্রী এবং জেলা স্তরে জেলাশাসকের (D.M.) অধীনে 'রাজ্য ও জেলা বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থা' গঠন করা হয়েছে।
  • বিশেষ আধিকারিক নিয়োগ: একেবারে ব্লক স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত বিপর্যয় মোকাবিলার জন্য স্পেশাল 'বিপর্যয় মোকাবিলা আধিকারিক' (Disaster Management Officer) নিয়োগ করা হয়েছে।
  • উদ্ধারকারী দল গঠন: জরুরি অবস্থার জন্য প্রত্যেক জেলায় ২৫ জনের বিশেষ দল এবং রাজ্যস্তরে পুলিশ ও ব্যাটেলিয়ান দিয়ে দক্ষ রেসকিউ টিম তৈরি করা হয়েছে।
  • সারা বছরের কর্মসূচি: শুধু বিপর্যয়ের সময় নয়, সারা বছর জুড়েই ত্রাণ, খাদ্যের সুরক্ষা এবং পঞ্চায়েত ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সমন্বয় রেখে স্বনির্ভরতা বাড়ানোর কাজ চলে।

ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে: আশা করি এই প্রশ্ন-উত্তরের সেটটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। খাতায় সুন্দর করে নোট করে নিতে পারো। ভূগোলের যেকোনো বিষয়ে প্রশ্ন থাকলে বা অন্য কোনো অধ্যায়ের নোটস লাগলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো থেকো!

FAQ – দুর্যোগ ও বিপর্যয় (Class 9 Geography)

১. দুর্যোগ (Hazard) কাকে বলে?

প্রাকৃতিক বা মানবীয় কারণে পরিবেশে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে তাকে দুর্যোগ বলা হয়।

২. বিপর্যয় (Disaster) কাকে বলে?

দুর্যোগ যখন মানুষের জীবন ও সম্পত্তির ব্যাপক ক্ষতি করে, তখন তাকে বিপর্যয় বলা হয়।

৩. দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য কী?

দুর্যোগ হলো বিপর্যয়ের প্রাথমিক কারণ বা ঝুঁকিপূর্ণ অবস্থা, আর বিপর্যয় হলো তার ক্ষতিকর পরিণতি।

৪. সুনামি কী?

সমুদ্রতলের ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট বিশাল সামুদ্রিক ঢেউকে সুনামি বলা হয়।

৫. সুনামির প্রধান কারণ কী?

সমুদ্রতলের শক্তিশালী ভূমিকম্প সুনামির প্রধান কারণ।

৬. খরা কাকে বলে?

দীর্ঘদিন স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের ফলে যে শুষ্ক পরিস্থিতির সৃষ্টি হয়, তাকে খরা বলে।

৭. PMR Model কী?

PMR Model হলো বিপর্যয় ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ মডেল।P = Preparedness,M = Mitigation,R = Recovery।

৮. ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন ধরনের বিপর্যয়?

এটি একটি মনুষ্যসৃষ্ট রাসায়নিক বিপর্যয়।

৯. ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি কোন তরঙ্গের দ্বারা হয়?

L তরঙ্গ বা Surface Wave সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করে।

১০. পশ্চিমবঙ্গের কোন অঞ্চল ভূমিধসপ্রবণ?

দার্জিলিং পার্বত্য অঞ্চল পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ভূমিধসপ্রবণ এলাকা।

১১. ‘ভূমিকম্পের দেশ’ বলা হয় কোন দেশকে?

জাপানকে ‘ভূমিকম্পের দেশ’ বলা হয়।

১২. দুর্যোগ ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ?

দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণহানি, আর্থিক ক্ষতি ও পরিবেশগত ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হয়।

১৩. আধা-প্রাকৃতিক বিপর্যয় কাকে বলে?

প্রাকৃতিক ও মানবীয় উভয় কারণ মিলিয়ে যে বিপর্যয় ঘটে তাকে আধা-প্রাকৃতিক বিপর্যয় বলা হয়।

১৪. ২০০৯ সালে দক্ষিণবঙ্গে কোন ঘূর্ণিঝড় আঘাত হানে?

২০০৯ সালে দক্ষিণবঙ্গে ‘আয়লা’ ঘূর্ণিঝড় আঘাত হানে।

১৫. ভারতের কত শতাংশ অঞ্চল বন্যাপ্রবণ?

ভারতের মোট আয়তনের প্রায় ১১–১২% অঞ্চল বন্যাপ্রবণ।

Please Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!